নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ মার্চ ২০২৬ :

বকেয়া DA মেটাতে নবান্নে জরুরি তৎপরতা, কর্মীদের শনি ও রবিবারের ছুটি বাতিল ঘোষণা।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে বকেয়া মহার্ঘ ভাতা বা DA প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নবান্ন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া মেটানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এই বিশাল কর্মযজ্ঞ সময়মতো শেষ করতেই নবান্নের অ্যাকাউন্টস বিভাগের কর্মীদের আগামী শনি ও রবিবারের ছুটি বাতিল করা হয়েছে।
শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দিতে চায় প্রশাসন। আর সেই কারণেই ২৮ মার্চ (শনিবার) ও ২৯ মার্চ (রবিবার) নবান্নের সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ছুটির দিনেও অফিসার ও কর্মীদের কাজে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারি মাসেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে আইনি জটিলতা ও রিভিউ পিটিশনের কারণে দীর্ঘ সময় অতিবাহিত হলেও চূড়ান্ত সুরাহা মেলেনি। পাল্টা হিসেবে সরকারি কর্মীরা আদালত অবমাননার মামলা করেছেন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। এই আইনি চাপ সামাল দিতেই নবান্ন এখন তৎপর। ৩১ মার্চের ডেডলাইন মাথায় রেখে হিসাব নিকাশের কাজ শেষ করতে দিনরাত এক করে কাজ চলছে।
যদিও একদিকে ছুটির কোপ পড়ায় একাংশ কর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষিত ডিএ পাওয়ার আশায় খুশির হাওয়াও বইছে রাজ্য সরকারি মহলে। এখন দেখার, এই বিশেষ তৎপরতার পর নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় কি না।