ক্ষমতায় এলে ৬ মাসেই ইউসিসি এবং অনুপ্রবেশমুক্ত বাংলা: অমিত শাহের হুঙ্কার | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ এপ্রিল ২০২৬ :

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ কড়া ও বড় প্রতিশ্রুতি দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার কলকাতায় দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই রাজ্যে ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানী বিধি (UCC) লাগু করা হবে। শাহের মতে, এই পদক্ষেপ বাংলার উন্নয়ন ও সামাজিক সমতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে।
জাতীয় নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুতেও এদিন সুর চড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গঠন করলে বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ চিরতরে বন্ধ হয়। অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার (detect, delete, and deport) কড়া বার্তাও দিয়েছেন তিনি। শাহের কথায়, “অনুপ্রবেশ রুখে দেশের এবং রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করে শাহ বলেন, বর্তমান শাসনে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা চুরমার হয়ে গিয়েছে। মানুষ এখন আতঙ্কিত এবং মোহভঙ্গ হয়েছে, তারা মন থেকে পরিবর্তন চাইছে। গত ১০ বছরে বিজেপি রাজ্যে একটি গঠনমূলক এবং প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে তিনি দাবি করেন।
ইশতেহারটিকে ‘বাংলার স্বপ্নপূরণের পথ’ হিসেবে অভিহিত করে শাহ জানান, এটি কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে হতাশা থেকে বের করে আনবে। প্রধানমন্ত্রী মোদীর ‘উন্নত ভারত’-এর রোডম্যাপ অনুযায়ী বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই এই ইশতেহারের মূল উদ্দেশ্য। এখন দেখার, এই হিন্দুত্ব ও জাতীয়তাবাদের তাস ২০২৬-এর নির্বাচনী বৈতরণী পার করতে বিজেপিকে কতটা সাহায্য করে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!