ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১ এপ্রিল ‘ ২০২৫ :-

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আজ মঙ্গলবার (১ এপ্রিল, ২০২৫) ভোররাতে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সাহেবগঞ্জে এনটিপিসি পরিচালিত একটি বেসরকারি লাইনে ভোর ৩টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। লাইনটি কাহারগাঁও এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে সংযোগকারী একটি ট্র্যাকের উপর অবস্থিত এবং এর মালিকানা ও পরিচালনা সম্পূর্ণভাবে এনটিপিসি-র হাতে। ট্র্যাকটি জনপ্রিয়ভাবে এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত এবং এর পরিচালনা ভারতীয় রেলওয়ের সাথে কোনোভাবেই যুক্ত নয়।
এই ঘটনায় ভারতীয় রেলওয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এমজিআর লাইনের সম্পূর্ণ পরিচালনা, লোকো, ক্রু, রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং ইত্যাদি সমস্ত কিছুই এনটিপিসি-র অধীনস্থ।
সাহেবগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক কিশোর তিরকী জানান, মুখোমুখি সংঘর্ষে দুটি মালগাড়ির চালকই নিহত হয়েছেন।
এদিকে, পূর্ব রেলওয়ের মুখপাত্র কৌশিক মিত্র বলেন, “দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ি দুটি এবং ট্র্যাক উভয়ই এনটিপিসি-র সম্পত্তি। এর সাথে ভারতীয় রেলওয়ের কোনো সম্পর্ক নেই।”
যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বিহারের ভাগলপুর জেলার এনটিপিসি-র কাহারগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা পাওয়ার প্ল্যান্টের সাথে সংযুক্ত করে।
সূত্রের খবর, এনটিপিসি কর্তৃপক্ষ মালদা ডিভিশনের কাছে সাহায্য চেয়েছে এবং মালদা ডিভিশনের পূর্ব রেলওয়ে থেকে ১৪০ টন ওজনের একটি ক্রেনের অনুরোধ করেছে। সেটি সাহেবগঞ্জ থেকে ব্যবস্থা করা হয়েছে।