নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ মার্চ ২০২৬ :

জলপাইগুড়ি: সাতসকালে ঘুম ভাঙবে বাঁশির কর্কশ শব্দে নয়, বরং বিশ্বকবির মধুর সুরলহরীতে। শহরকে আবর্জনা মুক্ত রাখতে এবার এক অনন্য পদক্ষেপ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা। এখন থেকে পাড়ায় পাড়ায় ময়লা সংগ্রহের গাড়িগুলি আর বাঁশি বাজিয়ে নয়, রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে নিজেদের উপস্থিতির জানান দেবে। পুর কর্তৃপক্ষের আশা, এতে নাগরিকদের কেবল সচেতনতাই বাড়বে না, বরং দিনের শুরুতেই তাঁদের মনও ভালো হয়ে যাবে।
জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস। প্রতিদিন শহর ও বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য ১৫টি বড় গাড়ি এবং শতাধিক ভ্যান রিকশা কাজ করে। এতদিন সাফাই কর্মীরা বাঁশি বাজিয়ে বাসিন্দাদের ডাকার কাজ করতেন। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, প্রতিটি গাড়িতে এখন সাউন্ড বক্স লাগানো হচ্ছে, যেখানে মৃদুস্বরে রবীন্দ্রসঙ্গীত বাজবে। সুর শুনেই বাসিন্দারা বুঝতে পারবেন যে দুয়ারে আবর্জনার গাড়ি এসে পৌঁছেছে।
তবে কেবল গানের সংযোজনই নয়, পরিষেবাকে আরও নিখুঁত করতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুরসভা। অনেক সময় সাফাই কর্মীরা নির্দিষ্ট এলাকায় নিয়মিত যান না বলে অভিযোগ আসছিল। এই ফাঁকিবাজি রুখতে প্রতিটি ময়লা সংগ্রহের গাড়িতে এবার বিশেষ ‘ট্র্যাকার’ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পুর কর্তৃপক্ষ সরাসরি নজর রাখতে পারবেন কোন গাড়ি কোন বাড়িতে গিয়েছে বা কে কোথায় কাজ করছেন। জলপাইগুড়ির এই ‘মিউজিক্যাল’ ও ‘স্মার্ট’ সাফাই অভিযান এখন গোটা শহরে আলোচনার বিষয়।