জলপাইগুড়িতে বন্যপ্রাণী ও মানুষ সংঘাত কমাতে গ্রামবাসীদের মধ্যে বনদপ্তরের সার্চলাইট বিতরণ
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,জলপাইগুড়ি, ৩০শে এপ্রিল ২০২৫ :-
বন্যপ্রাণী ও মানুষের সংঘাত কমাতে এক বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি বনবিভাগ। মঙ্গলবার দলগাঁও রেঞ্জের উদ্যোগে জঙ্গল সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে ৪০০টি সার্চলাইট বিতরণ করা হয়েছে। দলগাঁও বিট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রামবাসীদের হাতে এই সার্চলাইটগুলি তুলে দেন বনদপ্তরের আধিকারিকরা।
বনদপ্তর সূত্রে জানা গেছে, বর্ষাকালে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতি ও চিতাবাঘের আনাগোনা বাড়ে। দুর্যোগপূর্ণ রাতে বিদ্যুৎ না থাকার কারণে গ্রামগুলি অন্ধকারে ডুবে থাকে। এই সময় বন্যপ্রাণীরা লোকালয়ে চলে এলে মানুষের উপর হামলার ঝুঁকি বাড়ে। এই বিপদ এড়াতেই বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের মধ্যে সার্চলাইট বিতরণের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি এই প্রসঙ্গে জানান, “বর্ষার মরশুমে রাতের অন্ধকারে বন্যপ্রাণীরা প্রায়শই লোকালয়ে চলে আসে। বিদ্যুৎ না থাকার কারণে গ্রামবাসীরা অন্ধকারে থাকায় অনেক সময় বন্যপ্রাণীদের উপস্থিতি টের পান না এবং দুর্ঘটনার শিকার হন। সেই কথা মাথায় রেখেই আমরা দলগাঁও রেঞ্জের জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে এই সার্চলাইটগুলি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি।”
বনদপ্তরের এই উদ্যোগে খুশি স্থানীয় গ্রামবাসীরা। তারা মনে করছেন, এই সার্চলাইটগুলি রাতের অন্ধকারে তাদের চলাফেরায় যেমন সাহায্য করবে, তেমনই বন্যপ্রাণীদের আগমনের বিষয়ে আগে থেকে সতর্ক থাকতেও সুবিধা হবে। এর ফলে একদিকে যেমন মানুষের নিরাপত্তা বাড়বে, তেমনই বন্যপ্রাণীদের লোকালয়ে আসা এবং মানুষের সঙ্গে তাদের সংঘাতের সম্ভাবনাও কমবে বলে আশা করা যায়। বনদপ্তরের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও।