গণ্ডার সুরক্ষা ও চোরাচালান রুখতে জলপাইগুড়িতে পুলিশ-বন দপ্তরে মেগা সমন্বয় বৈঠক | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

গণ্ডার সুরক্ষা ও চোরাচালান রুখতে জলপাইগুড়িতে পুলিশ-বন দপ্তরে মেগা সমন্বয় বৈঠক, নজরদারি জোরদারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের বনাঞ্চল থেকে গণ্ডার শিকার এবং বন্যপ্রাণী পাচার পুরোপুরি নির্মূল করতে এক উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠকে মিলিত হলো বন দপ্তর ও পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের আয়োজনে এই বৈঠকে দুই দপ্তরের শীর্ষ আধিকারিকরা বন্যপ্রাণী সুরক্ষার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনের কৌশল নির্ধারণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি (IG), জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি (DIG), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের পুলিশ সুপাররা। অন্যদিকে বন দপ্তরের পক্ষে সিসিএফ ওয়াইল্ডলাইফ (নর্থ), সিসিএফ নর্দার্ন সার্কেল এবং জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যের ডিএফও-রা উপস্থিত ছিলেন।
জলদাপাড়া ও গরুমারার ডিএফও-রা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান কীভাবে দুই দপ্তরের যৌথ প্রচেষ্টায় চোরাচালানকারী গ্যাংগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। উল্লেখ্য যে, বিগত ৪ বছরে উত্তরবঙ্গে একটিও গণ্ডার শিকারের ঘটনা ঘটেনি, যা এক বিরাট সাফল্য। জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, গত ৫ বছরে তাঁর বিভাগ প্রায় ১৩০ জন বন্যপ্রাণী ও কাঠ পাচারকারীকে গ্রেফতার করেছে এবং মামলাগুলিতে সাজার হার (Conviction Rate) প্রায় ৭২ শতাংশে পৌঁছেছে। দ্রুত পিওআর (POR) জমা দেওয়া এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানই এই সাফল্যের চাবিকাঠি বলে বৈঠকে জানানো হয়। আগামী দিনেও উত্তরবঙ্গের বন্যপ্রাণী সম্পদ রক্ষায় এই যৌথ নজরদারি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!