নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ এপ্রিল ২০২৬ :

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: আনন্দের সানাই বাজার কথা ছিল যেখানে, সেখানে এখন শুধুই কান্নার রোল। ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট সংলগ্ন বসের ডাঙ্গা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মেয়ের বিয়ের মাত্র দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বাবা। মৃত ব্যক্তির নাম প্রদীপ রায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার প্রদীপবাবুর মেয়ে প্রিয়াঙ্কা রায়ের বিয়ে হওয়ার কথা ছিল। গধেয়ারকুঠি চড়চড়াবাড়ি এলাকায় পাত্রের বাড়িতে এবং কনের বাড়িতেও চলছিল উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে নিমন্ত্রণ—সবই সারা হয়ে গিয়েছিল। আজ সকালে পরিবারের অন্যান্য সদস্যরা বড়কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। বাড়িতে সেই সময় একাই ছিলেন প্রদীপবাবু।
অভিযোগ, ফাঁকা বাড়িতে জল তোলার পাম্পের মোটর ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দীর্ঘক্ষণ কেউ বাড়িতে না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। পুজোর কাজ সেরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন প্রদীপবাবু সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। একটি সামান্য যান্ত্রিক ত্রুটি সারাতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতেও পারছেন না পরিজনরা। বিয়ের কনের সাজের বদলে এখন বাড়িতে শুধুই শোকের ছায়া। হাসিখুশি একটি পরিবার নিমেষেই তছনছ হয়ে যাওয়ায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।