নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

জয়গাঁয় শপিং মলের এসির তার চুরি: পুলিশের জালে ঝর্ণাবস্তির বাসিন্দা, উদ্ধার ৮ কেজি তামা
আলিপুরদুয়ার: সীমান্ত শহর জয়গাঁর একটি শপিং মলে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। মলের বাতানুকূল (এসি) মেশিনের তামার তার চুরির অভিযোগে সোমবার আলিমুদ্দিন মিয়াঁ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি জয়গাঁর ঝর্ণাবস্তির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি ওই শপিং মলের এসি মেশিনের দামী তামার তার চুরি যায়। মলের মালিক জয়গাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরই তদন্তে নামে পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। ধৃতের হেফাজত থেকে চুরি যাওয়া প্রায় আট কেজি ওজনের তামার তার বাজেয়াপ্ত করেছে পুলিশ। জয়গাঁ থানার ওসি মিংমা শেরপা জানান, সোমবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।