নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ এপ্রিল ২০২৬ :

আইপিএল ২০২৪-এর চ্যাম্পিয়ন দলটির এ কী হাল! চলতি ২০২৬ আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স দেখে সমর্থকরা রীতিমতো হতাশ। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রানে হারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে—কেকেআর কি একটি ‘ভুল’ সিদ্ধান্তের খেসারত দিচ্ছে?
চলতি টুর্নামেন্টে অজিঙ্কা রাহানের নেতৃত্বে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা। ৫টি ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে তাদের, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় জুটেছে মাত্র ১ পয়েন্ট। নকআউট পর্বের রাস্তা এখন কেকেআরের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিপর্যয়ের মূলে রয়েছে আন্দ্রে রাসেলকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। ২০২৫ সালের মিনি নিলামের আগে রাসেলকে যখন ছেড়ে দেওয়া হয়েছিল, তখন অনেকেই অবাক হয়েছিলেন। যদিও রাসেল বর্তমানে দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে যুক্ত আছেন, কিন্তু মাঠের রাসেল আর ডাগআউটের রাসেলের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ম্যানেজমেন্ট।
রাসেলের বিকল্প হিসেবে ২৫.২০ কোটি টাকায় কেনা হয়েছিল ক্যামেরন গ্রিনকে। কিন্তু পারফরম্যান্সের বিচারে তিনি দলের জন্য ‘বোঝা’ হয়ে উঠেছেন। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান, আর ঝুলিতে মাত্র ১টি উইকেট। অন্যদিকে, সুনীল নারিন বল হাতে চেষ্টা করলেও মিডল অর্ডার ব্যাটার হিসেবে ভরসা দিতে ব্যর্থ হচ্ছেন। ফিন অ্যালেনের মতো তারকাদের ব্যর্থতা এবং রাহানের অধিনায়কত্ব নিয়ে সমর্থকদের মধ্যে এখন ‘ছিছিক্কার’ পড়ে গিয়েছে। রাসেলের মতো ফিনিশার না থাকায় শেষ ওভারে ম্যাচ জেতানোর সেই চেনা দাপট আজ উধাও।