গুজরাতের কাছে হার ও প্লে-অফ থেকে বিদায়ের রাতেই বড় জরিমানা সিএসকে শিবিরে | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মে ২০২৬ :

মাঠে হার, ম্যাচের পর জরিমানা! স্লো ওভার রেটের কারণে বড় শাস্তি পেল গোটা সিএসকে টিম
নিজস্ব প্রতিনিধি: আইপিএল থেকে ছিটকে যাওয়ার রাতেই জোরালো ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮৯ রানের হারের পর স্লো ওভার রেটের দায়ে বড় অঙ্কের জরিমানা করা হলো অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে। শুধু তিনিই নন, শাস্তির কোপ পড়েছে গোটা দলের ওপর।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বক্তব্য, চলতি মরসুমে দ্বিতীয়বার ন্যূনতম ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হয়েছে সিএসকে। সেই কারণে নিয়ম অনুযায়ী অধিনায়ক গায়কোয়াড়কে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রথম একাদশের বাকি সদস্য ও ইমপ্যাক্ট প্লেয়ারদেরও জরিমানা গুনে প্রত্যেককে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশ (যেটি কম), তা জরিমানা হিসেবে দিতে হবে।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের পর আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএলের তরফে জানানো হয়, এটি চলতি মরসুমে চেন্নাইয়ের দ্বিতীয় অপরাধ। আইপিএল আচরণবিধির ২.২২ ধারার আওতায় এই শাস্তি দেওয়া হয়েছে। এর আগে সিজনের ১৮ নম্বর খেলাতেও একই অপরাধে সতর্ক করা হয়েছিল সিএসকে-কে।
জরিমানার আগে মাঠের লড়াইয়েও কার্যত ধরাশায়ী হয়েছে চেন্নাই। ২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ‘গোল্ডেন ডাক’ মারেন সঞ্জু স্যামসন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দল। শিবম দুবের ১৭ বলে ৪৭ রান ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। গুজরাতের ধারালো বোলিংয়ের সামনে পুরো ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৮৯ রানের বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে প্লে-অফের দৌড় থেকে বিদায় নিশ্চিত হয় সিএসকে-র।
মরসুম শেষ হতে না হতেই এখন চেন্নাই শিবিরে বড় প্রশ্ন মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে। কাফ মাসলের চোটের কারণে চলতি মরসুমে তিনি একটি ম্যাচও খেলেননি। পাশাপাশি একাধিক ক্রিকেটারও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ফলে আগামী মরসুমের আগে চেন্নাই দলে বড়সড় বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!