নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মে ২০২৬ :

অবসর ভেঙে ফের বিশ্বকাপে ম্যানুয়েল নয়্যার, বিশ্বজয়ের লক্ষ্যে জার্মানি
ইউরো ২০২৪-এর পর আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে নাটকীয় ইউ-টার্ন নিলেন ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সে অবসর ভেঙে আবারও জার্মানির জাতীয় দলে ফিরলেন এই কিংবদন্তি গোলরক্ষক। শুধু ফেরাই নয়, আসন্ন ২০২৬ বিশ্বকাপে কোচ জুলিয়ান নাগেলসমান তাঁকে দলের ‘ফার্স্ট চয়েস কিপার’ বা এক নম্বর গোলরক্ষক হিসেবে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় নয়্যারের অন্তর্ভুক্তি সবাইকে চমকে দেয়। এতদিন অলিভার বাউমানকে প্রথম পছন্দ ভাবা হলেও, শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপরেই ভরসা রাখলেন কোচ। নাগেলসমান জানান, সেরা তিন গোলকিপার বেছে নেওয়ার লক্ষ্যেই নয়্যারকে সরাসরি ফোন করে দলে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল।
২০১৪ সালের বিশ্বজয়ী দলের অন্যতম প্রধান স্তম্ভ নয়্যারের এটি হতে চলেছে টানা পঞ্চম বিশ্বকাপ। এই কীর্তি ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়েরই আছে। চলতি মরসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন নয়্যার। বুন্দেসলিগা জয়ের পর সামনে সুযোগ রয়েছে জার্মান কাপ জিতে ঘরোয়া দ্বিমুকুট পাওয়ার। সম্প্রতি ক্লাবের সঙ্গে চুক্তিও বাড়িয়েছেন তিনি।
ঘোষিত জার্মানি দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের দারুণ মিশ্রণ রয়েছে। বায়ার্নের তরুণ প্রতিভা লেনার্ট কার্ল প্রথমবার ডাক পেয়েছেন। চোটের অনিশ্চয়তা সত্ত্বেও দলে আছেন লেরয় সানে ও নাদিয়েম আমিরি। এছাড়া স্কোয়াডে রয়েছেন যোশুয়া কিমিখ, আন্তোনিও রুডিগার, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ এবং কাই হাভার্ৎজের মতো তারকারা। নয়্যারের ব্যাক-আপ হিসেবে থাকছেন বাউমান ও আলেকজান্ডার নিউবেল।
গত দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। এবার কুরাকাও, ইকুয়েডর ও আইভরি কোস্টের গ্রুপে থাকা জার্মানির ওপর চাপ অনেকটাই বেশি। তবে কোচ নাগেলসমান নিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন, “আমাদের টার্গেট বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।” নয়্যারের মতো মহাতারকার প্রত্যাবর্তন জার্মানির সেই স্বপ্নকে কতটা পূরণ করতে পারে, এখন সেটাই দেখার।