অবশেষে শাপমুক্তি রোনাল্ডোর, দামাককে উড়িয়ে প্রথমবার সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মে ২০২৬ :

মরুদেশে ক্রিশ্চিয়ানো ম্যাজিক: ট্রফিখরা কাটিয়ে সৌদি লিগ চ্যাম্পিয়ন রোনাল্ডোর আল নাসের
ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ সাত বছরের চাতকের মতো অপেক্ষা এবং বারবার তীরে এসে তরী ডোবার যন্ত্রণার অবসান ঘটল। অবশেষে কাটল ট্রফিখরা। প্রবল প্রতিপক্ষ আল হিলালকে পেছনে ফেলে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হলো আল নাসের। আর এই ঐতিহাসিক শাপমুক্তির রাতে নায়ক সেই একজনই—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিন বছর হলুদ জার্সিতে লড়াই করার পর অবশেষে সৌদির জাতীয় লিগ জয়ের স্বাদ পেলেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ শেষের পর আনন্দের চোখের জল ধরে রাখতে পারেননি সিআর সেভেন।
২০২২ বিশ্বকাপের পর কোটি কোটি টাকার চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। দল ধারাবাহিকভাবে ভালো খেললেও ট্রফি ভাগ্য যেন কিছুতেই সহায় হচ্ছিল না। গত ৫ বছরে ১৪ বার ট্রফিজয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে আল নাসেরকে, যার মধ্যে সাড়ে তিন বছর দলেই ছিলেন সিআর সেভেন। কিন্তু বৃহস্পতিবারের রাতটা ছিল সম্পূর্ণ আলাদা।
দামাকের বিরুদ্ধে মাস্ট-উইন ম্যাচে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন রোনাল্ডো। তাঁর পা থেকে আসে দুর্দান্ত জোড়া গোল। ম্যাচের শেষ লগ্নে যখন কোচ তাঁকে মাঠ থেকে তুলে নেন, তখন গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে এই মহাতারকাকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়। ভিআইপি বক্স থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন বান্ধবী জর্জিনা রডরিগেজও। এমন আবেগঘন মুহূর্তে মাঠের মধ্যেই কেঁদে ফেলেন রোনাল্ডো। শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে আল নাসের। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শেষ করল তারা। গোটা মরশুমে একটি ম্যাচও না হেরেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো আল হিলালকে। ২৮টি ম্যাচ জিতে ট্রফি নিজেদের ঘরে তুলল আল নাসের।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!