নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ এপ্রিল ২০২৬ :
মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস? দীর্ঘ দুই মাস পর ডানা মেলল ইরানের বিমান
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রায় দুই মাসের রুদ্ধশ্বাস উত্তেজনা ও আকাশসীমা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইরানের বিমান পরিষেবা। আমেরিকার সাথে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় বসার আগেই তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক উড়ান চলাচল শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথম তেহরানের মাটি থেকে আন্তর্জাতিক কোনো বিমান বিদেশের উদ্দেশ্যে ডানা মেলল।
ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের ইমাম খুমেনেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিধ্যেই ইস্তানবুল, মাস্কট এবং মদিনার উদ্দেশ্যে বাণিজ্যিক বিমান রওনা দিয়েছে। আন্তর্জাতিক উড়ান নজরদারি সংস্থা ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, শনিবার সকালেই ইস্তানবুলের পথে উড়ে গেছে তিনটি বিমান। চলতি সপ্তাহের মধ্যেই ইরানের সমস্ত আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন। গত ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এর আগে ১১ এপ্রিল প্রথম দফার বৈঠক ফলপ্রসূ না হলেও, এবার দ্বিতীয় দফার বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দল আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানে পৌঁছাচ্ছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধে ইরান তার সর্বোচ্চ নেতাসহ একাধিক শীর্ষ নেতৃত্বকে হারিয়েছে। দেড় মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর এখন আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজছে দুই পক্ষই। তবে এবারের বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরিবর্তে ট্রাম্প তাঁর জামাতার ওপর ভরসা রাখছেন। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাত কি আলোচনার মাধ্যমে শেষ হবে, নাকি এটি সাময়িক স্বস্তি— সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। আপাতত বিমান চলাচল শুরু হওয়াকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।