নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ মার্চ ২০২৬ :

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছে ইরান। তেহরানের দাবি, ভারতগামী একটি ইরানি বেসামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। বিমানটি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি মানবিক সহায়তা মিশনে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইরানের মাশাদ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাহান এয়ারের (Mahan Air) ওই বিমানটিতে আঘাত করা হয় বলে সূত্রে খবর। এই ঘটনার ফলে পুরো মানবিক সহায়তার পরিকল্পনাটি ভেস্তে গেছে। যদিও যুক্তরাষ্ট্র এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের বিমান মন্ত্রক একটি কড়া বিবৃতি জারি করেছে। বিবৃতিতে এই হামলাকে শুধুমাত্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, বরং সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরান উল্লেখ করেছে, জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রটোকল-১ এর অনুচ্ছেদ ৫২ অনুযায়ী, মানবিক কাজে ব্যবহৃত বেসামরিক উড়োজাহাজে হামলা চালানো একটি আন্তর্জাতিক অপরাধ। তাদের দাবি, বেসামরিক বিমান এবং বিশেষ করে মানবিক মিশনে যুক্ত যানকে লক্ষ্য করা আন্তর্জাতিক বিমান চলাচল আইন ও মানবিক নীতির পরিপন্থি।
ইরান আরও জানিয়েছে, বিমানটিতে বিভিন্ন দেশের সংগৃহীত ওষুধ ও চিকিৎসা সহায়তা ছিল, যা আর্তের প্রয়োজনে পরিবহনের প্রস্তুতি চলছিল। এই ধরনের হামলা সরাসরি মানবিক কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলছে। তেহরান আন্তর্জাতিক মহলের কাছে এই ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার সময়ই ভারত ও ইরান মানবিক সহযোগিতায় একসঙ্গে কাজ করছে। কয়েক সপ্তাহ আগেই ভারত থেকে ইরানে নতুন মানবিক সহায়তা পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলা দুই দেশের চলমান মানবিক সমন্বয় এবং ভবিষ্যৎ লজিস্টিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান চলাচলও চরম ঝুঁকির মুখে পড়ছে, যা আন্তর্জাতিক বিমান নিরাপত্তার ওপর নতুন প্রশ্ন তুলেছে।