নিরাপত্তা শঙ্কায় ইরানি দলের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে পূর্বনির্ধারিত সূচি জানাল ফিফা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ মার্চ ২০২৬ :

বিশ্বকাপ ২০২৬: ইরানের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করল ফিফা
২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা জনিত উদ্বেগের কথা জানিয়ে ইরানের ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার যে আবেদন করেছিল, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তা সরাসরি নাকচ করে দিয়েছে।
ফিফা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো গত বছর ঘোষিত নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, “ফিফা ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে ইরানসহ সকল অংশগ্রহণকারী সদস্য দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ী সব দল প্রতিযোগিতায় অংশ নেবে বলে ফিফা আশা প্রকাশ করছে।”
ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে বলেন যে, ইরানি দল তার দেশে আসার বিষয়ে স্বাগত, তবে তাদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে আসা ঠিক হবে না। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, যেহেতু মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না, তাই তারা তাদের ম্যাচগুলো মেক্সিকোতে খেলার জন্য ফিফার সাথে আলোচনা করছেন। ইরান ফুটবল দল সরাসরি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ থেকে ইরানকে কেউ বাদ দিতে পারবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়। ইরান মেক্সিকোতে খেলার প্রস্তাব দিলেও ফিফা তাদের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দেখায়নি। ফলে বর্তমান সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা খেলার মাঠের নিরাপত্তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা এখন তাকিয়ে আছেন ফিফা ও দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!