নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ মার্চ ২০২৬ :

আন্তর্জাতিক নিউজডেস্ক : মৃত্যু চিরন্তন সত্য, তবুও এই বাস্তবকে মেনে নিতে মানুষের ভয়ের অন্ত নেই। মৃত্যুর নাম শুনলেই যেখানে সাধারণ মানুষ আঁতকে ওঠেন, সেখানে থাইল্যান্ডে আয়োজন করা হলো এক অভিনব উৎসবের, যার নাম ‘ডেথ ফেস্ট’। মূলত মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা ভয় কাটিয়ে বাস্তবকে আলিঙ্গন করতেই এই বিচিত্র আয়োজন।
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশে দ্বিতীয় বর্ষে পা রাখা এই উৎসবের মূল লক্ষ্য হলো—মানুষকে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করানো এবং মৃত্যুর পরের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা। উৎসবের অন্যতম আয়োজক জকংক্লোদ ব্যাংইখানের মতে, মৃত্যু কেবল ব্যক্তির শেষ নয়, বরং তার চলে যাওয়ার পর প্রিয়জনদের জীবন যেন মসৃণ থাকে, সেই প্রস্তুতি নেওয়াটাও জীবনেরই অংশ।
উৎসবে কী কী রয়েছে?
এই মেলার সবথেকে আকর্ষণীয় অংশ হলো ‘টেস্ট ডাই’ প্রদর্শনী। এখানে আসা দর্শনার্থীরা চাইলে বিভিন্ন নকশার কফিনের ভেতরে শুয়ে মৃত্যুর ক্ষণস্থায়ী অনুভূতি নিতে পারেন। কফিনের ভেতর লাগানো আয়নায় নিজেকে দেখে মুহূর্তের জন্য অনুভব করা যায় জীবনের শেষ পরিণতিকে। এমনকি মেলায় প্রদর্শিত হচ্ছে পরিবেশবান্ধব জৈবিক কফিনও, যা প্রাকৃতিক তন্তুর তৈরি।
শুধু অনুভুতিই নয়, এই উৎসবে রয়েছে ব্যবহারিক শিক্ষা ও পরামর্শের সুযোগ। নিজের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন কেমন হবে, তাতে কেমন খরচ হতে পারে বা প্রিয়জনরা যাতে আর্থিক সংকটে না পড়ে তার জন্য কী কী আইনি ও আর্থিক ব্যবস্থা করে রাখতে হবে—সেসব বিষয়ে বিশেষজ্ঞরা এখানে সরাসরি পরামর্শ দিচ্ছেন। এ ছাড়াও জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকার পরিকল্পনা এবং অসুস্থকালীন আর্থিক অবস্থা সামলানোর উপায় নিয়েও আলোচনা হচ্ছে এই মেলায়। এক কথায়, ‘ডেথ ফেস্ট’ কেবল মৃত্যুর প্রস্তুতি নয়, বরং মৃত্যুকে জেনে জীবনের মূল্যকে আরও গভীরভাবে বোঝার এক অনন্য প্রচেষ্টা।