নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

জ্যোৎস্নারাতে টয়ট্রেন সফর: ১৯২০-র রাজকন্যার স্মৃতি ফেরাতে অভিনব উদ্যোগ ডিএইচআর-এর
দার্জিলিং: পাহাড়ের হেরিটেজ টয়ট্রেনে এবার ফিরছে রাজকীয় রোমাঞ্চ। ১৯২০ সালে কোচবিহারের এক রাজকন্যার সেই ঐতিহাসিক জ্যোৎস্না রাতের সফরকে স্মরণীয় করে রাখতে প্রতি পূর্ণিমার রাতে বিশেষ পরিষেবা চালু করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। বিকেলে দার্জিলিং থেকে শুরু হওয়া এই যাত্রায় পর্যটকরা তিনধারিয়া ওয়ার্কশপ দেখার পাশাপাশি উপভোগ করবেন তিব্বতি চা। রংটং ও সুকনা হয়ে ট্রেন পৌঁছাবে গুলমায়, যেখানে লোকসংগীত ও পাহাড়ি খাবারের এলাহি আয়োজন থাকবে।
ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে একাত্ম করতেই এই পরিকল্পনা। বন দপ্তরের সঙ্গে মউ (MoU) স্বাক্ষরের মাধ্যমে জঙ্গল ভ্রমণ, চা-বাগানে ট্রেকিং এবং আদিবাসী ও গোর্খাদের হস্তশিল্প দেখার সুযোগও মিলবে। চাঁদের আলোয় চা-পাতা তোলা থেকে শুরু করে কার্শিয়াং মিউজিয়াম দর্শন—সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ হেরিটেজ প্যাকেজ পেতে চলেছেন পর্যটকরা।