অপরাধীদের ‘এস্কেপ রুট’ বন্ধে রেলের মাস্টারস্ট্রোক: হাওড়া-শিয়ালদহে বসছে এআই ফেস রেকগনিশন ক্যামেরা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

অপরাধ ঘটিয়ে ট্রেন ধরে অন্য রাজ্যে পালানোর দিন এবার শেষ হতে চলেছে। ডাকাতি, খুন বা যে কোনো বড় অপরাধ করে রেলস্টেশনে পা রাখলেই মুহূর্তের মধ্যে ধরা পড়বে অভিযুক্ত। রেলপথকে অপরাধীদের নিরাপদ ‘এস্কেপ রুট’ হওয়া থেকে আটকাতে হাওড়া ও শিয়ালদহসহ রাজ্যের সব গুরুত্বপূর্ণ স্টেশনে এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘ফেস রেকগনিশন’ ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
রেলপুলিশ সূত্রে খবর, অতীতে সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের আসামী রাহুল ওরফে ভোলু বা সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝা-র মতো অপরাধীরা রেলস্টেশনের ভিড়কে ঢাল হিসেবে ব্যবহার করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে বেড়াত। এই সমস্যা মেটাতে এবার কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হচ্ছে স্টেশনের সিসিটিভি ক্যামেরাগুলোকে। কোনো পলাতক অপরাধী প্ল্যাটফর্মে প্রবেশ করামাত্রই কৃত্রিম বুদ্ধিমত্তা তার ছবি স্ক্যান করে কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে। মিল পাওয়া গেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কন্ট্রোল রুমে সতর্কবার্তা পৌঁছে যাবে।
বর্তমানে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে এই উন্নত প্রযুক্তির একশোরও বেশি ক্যামেরা বসানোর কাজ চলছে। কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ জিআরপি অফিসারদের জানানো হবে অপরাধী ঠিক কোন প্ল্যাটফর্মে রয়েছে। রেলপুলিশের আশা, চলতি বছরের মধ্যেই রাজ্যের সমস্ত বড় স্টেশনে এই সুরক্ষা কবচ চালু হয়ে যাবে, যার ফলে অপরাধীদের দ্রুত শনাক্ত করা ও গ্রেফতার করা সম্ভব হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!