শিলিগুড়ি করিডরে প্রতিরক্ষার নয়া কবচ: ৪০ কিমি দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ গড়ছে কেন্দ্র
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ :-
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও জোরদার করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর এই করিডরের প্রায় ৪০ কিলোমিটার অংশে মাটির ২০ থেকে ২৪ মিটার নীচ দিয়ে তৈরি হবে বিশেষ ভূগর্ভস্থ রেলপথ। এই পথটি তিনমাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত বিস্তৃত হবে।
দশকের পর দশক ধরে এই সরু করিডরটি চিনা হুমকির মুখে ভারতের জন্য এক উদ্বেগের কারণ ছিল। যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে মাটির নীচ দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা থাকলে শত্রুপক্ষের নজরদারি বা হামলা থেকে সৈন্য ও রসদ সরবরাহ সুরক্ষিত রাখা সম্ভব হবে। পাশাপাশি, বর্তমানে থাকা রেললাইনটিকেও চার লাইনে রূপান্তরিত করার কাজ শুরু হতে চলেছে। এর ফলে ‘চিকেনস নেক’ আর ভারতের ‘দুর্বল কণ্ঠ’ নয়, বরং হয়ে উঠবে দেশের প্রতিরক্ষার এক মজবুত মেরুদণ্ড।