ব্রিটিশ পাইলটদের রণকৌশল শেখাবে ভারতীয় বায়ুসেনা: অনন্য উচ্চতায় দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্তর্জাতিক সামরিক আঙিনায় ভারতের দাপট ফের প্রমাণিত হলো। এবার ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের (RAF) পাইলটদের যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ দেবেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা। সম্প্রতি দিল্লিতে দু’দেশের উচ্চপদস্থ বায়ুসেনা আধিকারিকদের বৈঠকের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার তিন অভিজ্ঞ প্রশিক্ষককে শীঘ্রই ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সে পাঠানো হচ্ছে। ব্রিটেনের অ্যাংলেসি ঘাঁটিতে একটি বিশেষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পাহাড়ি এলাকা এবং সমুদ্রের প্রতিকূল পরিবেশে যুদ্ধবিমান চালানোর পাঠ দেওয়া হয়। ভারতীয় প্রশিক্ষকরা সেখানেই ‘বিএই হক টি২’ (BAE Hawk T2) এবং ‘টেক্সান টি১’ (Texan T1) বিমানে ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেবেন। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় পাইলটরাও এই ‘হক’ যুদ্ধবিমানেই প্রশিক্ষিত হন।
গত কয়েক বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে সামরিক সহযোগিতা অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিস্থিতি এমন যে, ব্রিটেনের সেনাবাহিনীর তিনটি বিভাগেই (স্থল, নৌ এবং বায়ু) ভারতীয় প্রশিক্ষকরা তাঁদের দক্ষতা প্রমাণ করছেন। ২০২৪ সালের মে মাস থেকে ‘ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ’-এ ভারতীয় নৌবাহিনীর অফিসার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি ব্রিটিশ স্থলবাহিনীতেও ভারতের প্রতিনিধিত্ব রয়েছে।
শুধু প্রশিক্ষণ নয়, ‘অজেয়া ওয়ারিয়র’ বা ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’-এর মতো বড় মাপের যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক কৌশলগত সম্পর্ক এক নতুন দিগন্তে পৌঁছেছে। ব্রিটেনের আকাশে ভারতীয় বায়ুসেনার এই উপস্থিতি বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সামরিক প্রভাবেরই প্রতিফলন।