নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ :

বছরের শুরুতেই ধাক্কা! দেশে ফের বাড়ছে বেকারত্ব, সরকারি রিপোর্টে অস্বস্তিতে কেন্দ্র
নিজস্ব প্রতিনিধি: বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদি সরকারের ব্যর্থতা ফের একবার প্রকাশ্য এল। চলতি বছরের প্রথম মাসেই দেশে বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। সোমবার খোদ কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান অফিস (NSO)-এর প্রকাশিত রিপোর্টে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
উর্ধ্বমুখী বেকারত্বের হার: সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশে বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ। কিন্তু ২০২৬-এর জানুয়ারিতে তা এক ধাক্কায় বেড়ে ৫ শতাংশ হয়েছে। গ্রামীণ এবং শহর—উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ কমেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বেকারত্ব বৃদ্ধির হার সবথেকে বেশি।
কেন বাড়ছে বেকারত্ব? বিশেষজ্ঞ এবং সরকারি রিপোর্টে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। শীতকালে সাধারণত নির্মাণ শিল্প, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসার গতি কিছুটা শ্লথ থাকে। এছাড়া ফসল কাটার পরবর্তী সময়ে কৃষিক্ষেত্রে কাজের সুযোগ কমে আসা এবং নাগরিকদের কৃষিকাজে অনীহাও এই হার বৃদ্ধির অন্যতম কারণ। গত ডিসেম্বরে এই হার সামান্য কমলেও বছরের শুরুতেই তা ফের উর্ধ্বমুখী হওয়ায় কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের।
শিক্ষিত যুবকদের সংকট: অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দেশে কর্মসংস্থানের বিপুল ঘাটতি রয়েছে। সরকার নানা প্রকল্পের কথা বললেও বাস্তবের মাটিতে শিক্ষিত যুবকদের চাকরির সুযোগ বাড়ছে না। বিরোধীদের অভিযোগ, বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, যার প্রমাণ খোদ সরকারি এই পরিসংখ্যান।