নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ মার্চ ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান বিমান যাত্রীদের ভিড় সামলাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। শনিবার উত্তর প্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের (Noida International Airport) প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি-এনসিআর অঞ্চলে এটি দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, যা রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI Airport) ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মোট ১১ হাজার ৭৪২ একর সুবিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে এই বিমানবন্দর। প্রথম দফার কাজ চারটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্পূর্ণ নির্মাণ শেষ হলে এটিই হবে ভারতের সবথেকে বড় বিমানবন্দর। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যাত্রী সংখ্যা সাত কোটি থাকলেও, দুই পর্যায়ের কাজ শেষে এই ক্ষমতা বেড়ে দাঁড়াবে বার্ষিক প্রায় ২২ কোটি।
এই বিমানবন্দরের অন্যতম বৈশিষ্ট্য হলো এর বিশাল কার্গো হাব এবং নিজস্ব বিমান মেরামতের ব্যবস্থা। প্রায় ৮৭ একর জায়গায় লজিস্টিক জোন ও গুদাম সমৃদ্ধ কার্গো টার্মিনাল তৈরি করা হয়েছে। পাশাপাশি ৪০ একর জায়গায় রাখা হয়েছে ‘মেনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল’ (MRO) সুবিধা। দেশের মধ্যে এটিই প্রথম বিমানবন্দর যেখানে নিজস্ব রক্ষণাবেক্ষণের এই অত্যাধুনিক ব্যবস্থা থাকছে।
বিমানের ওঠা-নামার জন্য এখানে ৩ হাজার ৯০০ মিটারের রানওয়ে তৈরি করা হয়েছে, যা বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর মতো বিশালাকার বিমান চলাচলের জন্য উপযুক্ত। উন্নত নেভিগেশন প্রযুক্তি ও ডিজিটাল পরিকাঠামো সমৃদ্ধ এই বিমানবন্দর উত্তর ভারতের অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে বলে আশা করা হচ্ছে। এটি কেবল যাতায়াত নয়, বরং কর্মসংস্থান ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।