প্রতিরক্ষায় মেগা ডিল: ভারতে তৈরি হবে ফরাসি ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র, মোদী-ম্যাক্রোঁ বৈঠকে নজর বিশ্বের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

প্রতিরক্ষায় মেগা ডিল: ভারতে তৈরি হবে ফরাসি ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র, মোদী-ম্যাক্রোঁ বৈঠকে নজর বিশ্বের
নয়াদিল্লি: ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে পা রাখা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক—সব মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক বড় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে ‘হ্যামার’ (HAMMER) ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক।
কী এই হ্যামার ক্ষেপণাস্ত্র?
‘হাইলি এজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ’ বা সংক্ষেপে হ্যামার বর্তমানে রাফালে যুদ্ধবিমানে ব্যবহৃত হয়। প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পাহাড়ি অঞ্চলের সুরক্ষিত বাঙ্কার ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। ৩৩০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রটি যে কোনও আবহাওয়ায় এবং ১২৫ থেকে ১০০০ কেজি পর্যন্ত বিস্ফোরক নিয়ে নিখুঁত আঘাত হানতে সক্ষম। ২০০৭ সালে প্রথম প্রকাশ্যে আসা এই মারণাস্ত্র এতদিন ফ্রান্স থেকে আমদানি করা হলেও, এবার তা ভারতেই তৈরি হবে।
যৌথ উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
জানা গেছে, ‘ভারত ইলেকট্রনিক্স লিমিটেড’ ও ফ্রান্সের ‘সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স’ যৌথভাবে ভারতে এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে। এছাড়াও এই সফরে ১১৪টি নতুন রাফালে বিমানের চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই রাষ্ট্রপ্রধানের কর্ণাটকে একটি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন করার কথা রয়েছে, যা ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস’ ও ‘এয়ারবাস’-এর যৌথ উদ্যোগে এইচ-১২৫ হেলিকপ্টার তৈরি করবে। এই পদক্ষেপের ফলে ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদনে ‘আত্মনির্ভর ভারত’ অভিযান আরও গতি পাবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!