‘অপারেশন সিন্দুর’: পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি পরিকাঠামো গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ই মে ২০২৫:
নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) বড়সড় আঘাত হেনেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। বুধবার (৭ই মে, ২০২৫) ভোরে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে সন্ত্রাসবাদীদের ৯টি পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। এই ঘাঁটিগুলি থেকেই ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হত বলে জানিয়েছে মন্ত্রক।
অন্যদিকে, পাকিস্তানের সামরিক মুখপাত্র ডিরেক্টর জেনারেল ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনী বাহাওয়ালপুর, কোটলি এবং মুজাফফরাবাদে তিনটি স্থানে হামলা চালিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের পদক্ষেপগুলি সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন এবং অভিযানের পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।” বিবৃতিটি আরও জানায়, বুধবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এই পদক্ষেপগুলি গত ২২শে এপ্রিলের পহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। ওই হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালী নাগরিক নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি যে এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।” প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, বুধবার দিনের বেলা ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।
সংবাদ সূত্র :- ‘ দ্যা হিন্দু ‘