নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

ক্যাচ ফসকানোর ‘পাক-রোগ’ কি এবার হানা দিয়েছে ভারতের ক্রিকেট অন্দরে ! পরিসংখ্যানে কপালে ভাঁজ ফিল্ডিং কোচের
ক্রীড়া ডেস্ক: জয় আসছে ঠিকই, কিন্তু মাঠের ফিল্ডিং কি বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে? টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জয় পেয়ে ভারত সুপার এইটে উঠলেও, দলের ক্যাচ ধরার পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ। একসময় যে ক্যাচ মিসের অপবাদ পাকিস্তান বা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গী হতো, এখন সেই তালিকায় উনিশ নম্বরে নেমে এসেছে টিম ইন্ডিয়া।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশগ্রহণকারী ২০টি দলের মধ্যে ক্যাচ ধরার নিরিখে ভারত ১৯তম স্থানে রয়েছে। ৪ ম্যাচে সূর্যকুমার যাদবের দল হাতছাড়া করেছে ৯টি মূল্যবান ক্যাচ। তালিকার একদম শেষে থাকা আয়ারল্যান্ড ছেড়েছে ১০টি ক্যাচ। অর্থাৎ, প্রথম সারির দলগুলোর মধ্যে ফিল্ডিংয়ে সবথেকে খারাপ পারফরম্যান্স ভারতেরই। গত বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও দুটি সহজ ক্যাচ ফসকায় ফিল্ডাররা, যার সুযোগ নিয়ে ডাচরা ১৭৬ রানের বিশাল স্কোর খাড়া করে।
সাবেক ভারতীয় পেসার বরুণ অ্যারন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, গত ১২ মাসে ভারত বিশ্বের অন্যতম ‘বাজে ক্যাচিং টিম’ হিসেবে নিজেকে প্রমাণ করছে। ক্যাচ ধরার গড় ৭০ শতাংশের নিচে নেমে যাওয়াটা নক-আউট পর্বের আগে বড় দুশ্চিন্তার কারণ। ব্যাটিং এবং বোলিং বিভাগ ফর্মে থাকলেও, নক-আউট পর্বে একটি ক্যাচ ফসকানো মানেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার ঝুঁকি তৈরি হওয়া। সুপার এইট এবং সেমিফাইনালের কঠিন লড়াইয়ে ভারত এই ‘ফিল্ডিং-রোগ’ সারিয়ে উঠতে পারে কি না, এখন সেটাই দেখার।