ইমরান খানের মৃত্যুগুজবের মধ্যে আদিয়ালা জেলের সামনে পুলিশের লাঠিচার্জ, বোনদের ওপর নির্যাতনের অভিযোগ
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ নভেম্বর ২০২৫ :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না। তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো খবর নেই। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই আদিয়ালা জেলের সামনে বিক্ষোভ শুরু হয়। বুধবার ইমরানের তিন বোন নরিন খান, আলিমা খান ও উজমা খান জেল গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে।
৭১ বছরের নরিন খান পাঞ্জাব পুলিশের আইজিপি বরাবর চিঠিতে জানান, “আমরা কোনো রাস্তা অবরোধ করিনি, আইন ভঙ্গ করিনি। হঠাৎ এলাকা অন্ধকার করে স্ট্রিটলাইট বন্ধ করা হয়। এরপর পুলিশ আমার চুল ধরে টেনে মাটিতে ফেলে রাস্তায় টেনে নিয়ে যায়। অন্য নারীদেরও থাপ্পড় মারা হয়।” তিনি এই হামলাকে ‘পরিকল্পিত ও নির্মম’ বলে অভিহিত করেছেন।
পিটিআইয়ের দাবি, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বই, প্রয়োজনীয় জিনিসপত্র, আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি প্রায় বন্ধ। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সাতবার চেষ্টা করেও দেখা করতে পারেননি। দলের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, “এখানে জঙ্গলের আইন চলছে।”
ঘটনার স্বাধীন তদন্ত এবং দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে পিটিআই। ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও তথ্যের অভাবে গুজব আরও বেড়ে চলেছে।
— ব্যুরো রিপোর্ট দ্য ফোর্থ কলাম