আফিম চাষের রমরমা : অবৈধ চাষ রুখতে ড্রোনের সফলতা | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি ২০২৫ :-

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ও পুলিশের অগোচরে চলছে আফিমের চাষ। যদিও পুলিশি তৎপরতায় অনেক জায়গার বেআইনি আফিম চাষ বন্ধ করা সম্ভবপর হয়েছে, তবে সম্প্রতি কোচবিহারের জেলার কিছু জায়গায় অন্যান্য সবজি চাষের জমিতে আড়াল করে করা হচ্ছে আফিম চাষ।

জানা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী এই চাষের জন্য আরও উৎসাহ দিচ্ছে বিভিন্ন চাষীদের। শেষমেষ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহায্যে কোচবিহার পুলিশ তৎপরতার সাথে কিছুটা হলেও বন্ধ করতে সক্ষম হয়েছে আফিম চাষ।

আফিম চাষের জমিগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করে পুড়িয়ে দেওয়ার পরেও বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে আফিম চাষ করা হচ্ছিল। এরপরেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় আফিম চাষ বন্ধ করা সম্ভবপর হয়েছে।

বিশেষ করে দুর্গম এলাকায়, যেখানে যাওয়া আসায় অনেকটা সময় ব্যয় হবে, সেই সমস্ত এলাকায় ড্রোনের মাধ্যমে আফিম চাষের জমি লক্ষ্য করে কীটনাশক ব্যবহার করে আফিম চাষ নষ্ট করা হয়েছে।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ড্রোনের সাহায্য নিয়ে আফিম চাষ বন্ধের জন্য কোচবিহার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!