ফালাকাটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা সংক্রান্ত আলোচনা সভা | The 4th column

নিউজডেস্ক, আলিপুরদুয়ার, ২৬ নভেম্বর ‘২০২৪ :-

জেলা আলিপুরদুয়ারে মঙ্গলবার অনুষ্ঠিত হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি বৈঠক । আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত ওই বৈঠকে, তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ সংক্রান্ত বিশেষ আলোচনাচক্র আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলার প্রায় ৩০০ জন প্রধান শিক্ষক ও শিক্ষিকা । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য্য, পরীক্ষক উপসচিব উৎপল কুমার বেরা সহ আরো অনেকের উপস্থিতিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী উচ্চমাধ্যমিক ২০২৫ পরীক্ষায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে বিশেষ নজর রাখতে চলেছে শিক্ষা সংসদ। প্রত্যেক সেন্টারে এবার রাখা হচ্ছে মেটাল ডিরেক্টর। এছাড়াও সভায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়। সভার শেষে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রকল্পের অন্তর্গত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ের সমস্যা নিয়েও শিক্ষা সংসদের সভাপতিকে স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবার সংগঠনের পক্ষ থেকে। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন এনএসকিউএফ শিক্ষক সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রেয়া চৌধুরী এবং রাজ্য সভাপতি সৌরভ সর। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য বলেন ‘আজকে পরীক্ষা সংক্রান্ত যাতে কারোর অসুবিধে না হয় সেই জন্যই এই আলোচনা সভা। এছাড়াও বৃত্তিমূলক বিষয়গুলিতে অনেকদিন ধরে বহু অভিযোগ জমা পড়ছে এবং সমস্যা হচ্ছে , আমরা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমাধানের চেষ্টা করবো সেটা ছাত্র ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে।’

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!