নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ মার্চ ২০২৬ :

ওজন কমাতে এবার অজগরের রক্ত! ওজেম্পিকের চেয়েও কার্যকর হওয়ার দাবি বিজ্ঞানীদের
একটি আস্ত হরিণ গিলে সাবাড় করার পর মাসের পর মাস না খেয়েও দিব্যি চনমনে থাকে বার্মিজ পাইথন বা অজগর। পেশির জোর কমে না, হৃদযন্ত্র থাকে সচল, আর শরীরে চর্বির লেশমাত্র থাকে না। অজগরের এই অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা দেখে অবাক হয়েছিলেন বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণার পর এবার মিলল চমকপ্রদ তথ্য— অজগরের রক্তেই নাকি লুকিয়ে আছে ওজন কমানোর মোক্ষম দাওয়াই।
সম্প্রতি ‘ন্যাচারাল মেটাবলিজম’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের গবেষকরা দাবি করেছেন, অজগরের রক্তে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষের স্থূলতা বা ওবেসিটি নিয়ন্ত্রণে মহৌষধ হয়ে উঠতে পারে। অধ্যাপক লেসলি লেইনওয়ান্ড দীর্ঘ ২০ বছর ধরে এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
কেন এটি ওজেম্পিকের চেয়ে আলাদা?
বর্তমানে বাজারে ওজন কমানোর জন্য ‘ওজেম্পিক’ বা ‘ওয়েগোভি’-র মতো ওষুধ (GLP-1) বেশ জনপ্রিয়। তবে এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমিভাব বা শরীরের পেশি কমে যাওয়ার (Muscle loss) মতো সমস্যা দেখা দেয়। কিন্তু অজগরের রক্ত থেকে প্রাপ্ত যৌগের পরীক্ষায় দেখা গেছে:
১) এতে কোনো বমিভাব বা পেটের সমস্যা হয় না।
২) শরীরের প্রয়োজনীয় পেশি বা মাসল লস হওয়ার ভয় নেই।
৩) শরীরে শক্তির মাত্রা কমে না বরং বজায় থাকে।
গবেষকরা ইতিমধ্যেই ‘আরকানা থেরাপিউটিকস’ নামক একটি সংস্থা গড়ে তুলেছেন, যাতে এই প্রাকৃতিক যৌগকে কৃত্রিমভাবে তৈরি করে মানুষের ব্যবহারের উপযোগী ওষুধ হিসেবে বাজারে আনা যায়। শুধু ওজন কমানো নয়, বার্ধক্যজনিত কারণে যাদের পেশি শুকিয়ে যায়, তাদের চিকিৎসাতেও এই গবেষণা নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। তবে সরাসরি মানবদেহে এর প্রয়োগ ও প্রভাব নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে।