নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ মার্চ ২০২৬ :

স্বাস্থ্য ডেস্ক: ভারতে গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই পাল্লা দিয়ে বাড়ছে পারদ। কোথাও কোথাও বইছে লু বা তাপপ্রবাহ। চিকিৎসকদের মতে, এই তীব্র গরম কেবল ক্লান্তি বা ডিহাইড্রেশন নয়, নিঃশব্দে আপনার কিডনির ওপরও বড়সড় থাবা বসাতে পারে। অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হওয়ায় দ্রুত জল ও খনিজ হারায় শরীর। এই ঘাটতি পূরণ না হলে কিডনিকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়, যা দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, তীব্র গরমে শরীরে রক্তের পরিমাণ কমে যেতে পারে, ফলে কিডনিতে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’। সময়মতো চিকিৎসা না হলে এই সমস্যা প্রাণঘাতী হতে পারে। এছাড়া গরমে শরীরে জলের অভাব ঘটলে প্রস্রাব ঘন হয়ে যায়, যা থেকে ক্যালসিয়াম বা খনিজ জমে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং যাঁরা নিয়মিত ওষুধ খান, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা প্রতিদিন পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিচ্ছেন। অতিরিক্ত মিষ্টি পানীয় বা সফট ড্রিঙ্ক এড়িয়ে চলা এবং দুপুরের কড়া রোদে বাইরে না বেরোনোই শ্রেয়। শরীর ঠান্ডা রাখতে হালকা খাবার এবং নিয়মিত জল পানের অভ্যাসই পারে এই গরমে আপনার কিডনিকে সুরক্ষিত রাখতে।