নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

কথায় বলে, নারীর সৌন্দর্য লুকিয়ে থাকে তাঁর চুলে। কিন্তু সেই চুল নিয়ে হওয়া একটি ভুলই কেরিয়ারে ভরাডুবি ডেকে এনেছিল এক উঠতি মডেলের। অবশেষে দীর্ঘ আট বছরের দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ের পর ২০২৬-এ এসে শেষ হলো সেই ‘চুলচেরা’ বিশ্লেষণ। দিল্লির নামজাদা পাঁচতারা হোটেল আইটিসি মৌর্যকে (ITC Maurya) অভিযোগকারিণী মডেল আশনা রায়কে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ এপ্রিল। মডেল আশনা রায় ওই পাঁচতারা হোটেলের পার্লারে চুল কাটাতে গিয়েছিলেন। তাঁর স্পষ্ট নির্দেশ ছিল মাত্র ৪ ইঞ্চি চুল কাটার। কিন্তু অভিযোগ, কর্মীর ভুলে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বেশ অনেকটা চুল কেটে ফেলা হয়। পেশায় মডেল হওয়ায় এই ঘটনা তাঁর কাজের ক্ষেত্রে বড়সড় প্রতিবন্ধকতা তৈরি করে। মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি কেরিয়ারেও লোকসানের মুখে পড়েন তিনি।
এর পরেই শুরু হয় আইনি লড়াই। ২০২১ সালে ‘ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন’ (NCDRC) ওই হোটেলকে ২ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল। হোটেল কর্তৃপক্ষ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। ২০২৩ সালে শীর্ষ আদালত বিষয়টি পুনরায় খতিয়ে দেখার জন্য কমিশনের কাছে ফেরত পাঠায়। আশনা এরপর ইমেল ও বিভিন্ন নথি পেশ করে ৫ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। কমিশন ফের ২ কোটি টাকার নির্দেশ দিলেও হোটেল কর্তৃপক্ষ দমে না গিয়ে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
অবশেষে ২০২৬ সালে এসে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে, কেরিয়ারে ব্যাপক ক্ষতির সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেননি অভিযোগকারিণী। তাই ২ কোটি নয়, বরং ২৫ লক্ষ টাকাই উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ আট বছর পর এই রায়ে অন্তত এটুকুই পরিষ্কার—পরিষেবার গাফিলতি পাঁচতারা হোটেলের হলেও পার পাওয়া অসম্ভব।