আকাশে ভারতের নয়া দাপট: টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে দেশেই তৈরি হবে ‘এইচ ১২৫’ হেলিকপ্টার |The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ :

আকাশে ভারতের নয়া দাপট: টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে দেশেই তৈরি হবে ‘এইচ ১২৫’ হেলিকপ্টার
নয়াদিল্লি: প্রতিরক্ষা ও বিমান পরিবহন ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ যৌথভাবে কর্ণাটকের ভেমাগালে একটি নতুন হেলিকপ্টার কারখানার উদ্বোধন করেন। ফরাসি সংস্থা ‘এয়ারবাস হেলিকপ্টার’ এবং ভারতের ‘টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এখানে তৈরি হবে অত্যাধুনিক ‘এইচ ১২৫’ (H125) হেলিকপ্টার।
এই কারখানায় হেলিকপ্টারের চূড়ান্ত সংযুক্তিকরণ বা ‘ফাইনাল অ্যাসেম্বলি লাইন’-এর কাজ হবে। প্রাথমিকভাবে বছরে অন্তত ১০টি হেলিকপ্টার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ‘এইচ ১২৫’ হেলিকপ্টারটি তার অসাধারণ ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি মাউন্ট এভারেস্টের সমতুল্য উচ্চতায় (৮,৮৪৮ মিটার) পৌঁছাতে সক্ষম, যা এক অনন্য রেকর্ড। স্বাভাবিকভাবে এটি ৭,০১০ মিটার উচ্চতায় উড়তে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫২ কিলোমিটার। এক টানা ৬৬২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই চপারে একজন পাইলটসহ ছয়জন যাত্রী বসতে পারেন।
মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে এই হেলিকপ্টার ব্যবহার করা হলেও, সেনাবাহিনীতে এর আরও উন্নত সংস্করণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এছাড়াও তিনটি ভারতীয় সংস্থাকে ‘প্রপালশন সিস্টেম’ বিক্রির বিষয়েও চুক্তি হয়েছে। ইতিপূর্বেও টাটা এবং এয়ারবাস যৌথভাবে বায়ুসেনার জন্য ‘সি ২৯৫’ পরিবহণ বিমান তৈরির কাজ শুরু করেছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মোদী-মাক্রোঁ বৈঠকে শুধু হেলিকপ্টার নয়, বরং দ্বিতীয় দফায় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এই যৌথ উদ্যোগ ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোকে যেমন শক্তিশালী করবে, তেমনই কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!