১৭ দিনে রেকর্ড পতন: মধ্যবিত্তের নাগালে সোনা-রুপো, এক ধাক্কায় রুপোর দাম কমল, ১.৮৪ লক্ষ টাকা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

১৭ দিনে রেকর্ড পতন: মধ্যবিত্তের নাগালে সোনা-রুপো, এক ধাক্কায় রুপোর দাম কমল, ১.৮৪ লক্ষ টাকা
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার পর সোনা ও রুপোর বাজারে বড়সড় স্বস্তি মিলল। গত কয়েক মাস ধরে মূল্যবান এই দুই ধাতুর দাম যেভাবে বাড়ছিল, তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল গয়না কেনা। তবে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকেই সেই ঊর্ধ্বমুখী গ্রাফে বড়সড় ধস নামতে শুরু করেছে। বিশেষ করে সপ্তাহের প্রথম ট্রেডিং দিন সোমবার (১৬ ফেব্রুয়ারি) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) খোলার পরেই দামের এই পতন বিনিয়োগকারী এবং ক্রেতা উভয়ের নজর কেড়েছে।
গত ২৯ জানুয়ারি রুপোর দাম ৪ লক্ষ টাকা ছাড়িয়ে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। পরিসংখ্যান অনুযায়ী, রুপো তার সর্বকালের সর্বোচ্চ স্তর ৪,২০,০৪৮ টাকা থেকে মাত্র ১৭ দিনের ব্যবধানে প্রায় ১,৮৪,৫৪৫ টাকা, সস্তা হয়েছে। সোমবার বাজার খোলার সাথে সাথেই প্রতি কেজি রুপোর দাম ৮,৮৫৭ টাকা কমেছে।
রুপোর পাশাপাশি সোনার দামেও ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। এক সময় সোনার ফিউচার দাম প্রতি ১০ গ্রামে ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল। তবে সোমবারের বাজার দর অনুযায়ী, সোনা তার সর্বোচ্চ দামের থেকে প্রায় ৩৮,৯০৫ টাকা কমে গিয়েছে। শুধুমাত্র সোমবারেই প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৭০০ টাকারও বেশি হ্রাস পেয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, বাজেটের পর আমদানি শুল্ক এবং বিশ্ববাজারের পরিস্থিতির পরিবর্তনের কারণেই সোনা ও রুপোর দামে এই ভারসাম্য ফিরে আসছে। বিয়ের মরসুমের মুখে মূল্যবান ধাতুর এই সস্তা হওয়া সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে। আগামী কয়েকদিন এই পতনের ধারা অব্যাহত থাকে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!