ফিল্মি কায়দায় পুলিশকে ফাঁকি দিয়ে থানা থেকে পালালো মহিলা আসামি, ফালাকাটা থানায় শোরগোল | The 4th Column
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ফালাকাটা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ :

একেবারে ফিল্মি কায়দায় পুলিশের চোখে ধুলো দিয়ে ফালাকাটা থানা থেকে পালিয়ে গেলেন এক মহিলা আসামি। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। নিষিদ্ধ নেশার ওষুধসহ গত সোমবার জটেশ্বর থেকে সমতাজ সুলতানা ( নাম পরিবর্তিত) নামের ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর এনডিপিএস ধারায় মামলা রুজু করে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।
জানা গেছে, এদিন সকালে শৌচাগার থেকে ফিরে সমতাজ অসুস্থতার ভান করেন। কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়ার ও সেন্ট্রি তাকে থানার চাইল্ড কর্নারে বসতে দেন। এই সুযোগেই পুলিশের নজর এড়িয়ে তিনি এক দৌড়ে থানা থেকে পালিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ফালাকাটা থানা চত্বরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অবিলম্বে নিখোঁজ আসামির খোঁজে শহরের অলিতে-গলিতে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জয়গাঁর এসডিপিও প্রশান্ত দেবনাথকে। থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলার অন্তর্ধান রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি, জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানিয়েছেন, আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে জোরদার তল্লাশি চলছে। ঘটনার সময় কর্তব্যরত ডিউটি অফিসার সহ অন্যান্য পুলিশকর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।