নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ মার্চ ২০২৬ :

কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।
সূত্রে খবর, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিংয়ের জন্য পুরো টিমের সঙ্গে দিঘায় গিয়েছিলেন রাহুল। শুটিং চলাকালীন সমুদ্রের জলে তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
১৯৮৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল থিয়েটারের হাত ধরে। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে হাতেখড়ি। এরপর প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় তাঁর অভিষেক হয় আকাশছোঁয়া সাফল্য নিয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
টেলিভিশন দুনিয়াতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। জি বাংলার ‘খেলা’ ধারাবাহিকে আদিত্যর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। সম্প্রতি দীর্ঘ বিরতি কাটিয়ে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মাধ্যমে ফিরেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে স্তম্ভিত সহ-অভিনেতারাও। ধারাবাহিকের সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, “আজই আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং সেরে আমরা চলে এসেছিলাম, রাহুল জলের দিকে গিয়েছিল। ফেরার সময় ও আমায় বলেছিল— আর দেখা হবে না আমাদের। তখন বুঝিনি কথাটার মানে এমন হবে।”
রাহুলের পডকাস্ট প্রোগ্রাম ‘সহজ কথা’ এবং তাঁর সাবলীল অভিনয় ক্ষমতা টলিউডকে এক অন্য মাত্রা দিয়েছিল। তাঁর এই অকাল প্রয়াণে বাংলা অভিনয় জগতের একটি যুগের অবসান হলো।