T4C 100 | খবর বিশদে
ফালাকাটায় দুই প্রতিষ্ঠানে অভিযান, বিপুল সুপারি বাজেয়াপ্ত, গ্রেফতার দুই
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ফালাকাটা, ৩ নভেম্বর ২০২৬ :-

বৈধ নথি ছাড়া সুপারি মজুতের অভিযোগে ফালাকাটার দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালাল পুলিশ। সোমবার সন্ধ্যার এই অভিযানে বিপুল পরিমাণ সুপারি বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার হয়েছেন বাপন সাহা ওরফে চুটকি (৪২) এবং সুজন বর্মন (৩২)।
পুলিশ সূত্রে খবর, ১৩ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ায় আরতি ট্রেডার্স থেকে ৪১৩ বস্তা শুকনো ও ভাজা সুপারি এবং প্রায় সাড়ে চার হাজার কেজি খোলা সুপারি উদ্ধার হয়। উপস্থিত ব্যক্তিরা মজুতের বৈধ নথি দেখাতে পারেননি বলে পুলিশের দাবি।
ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্রে অরবিন্দপাড়ার ভগবতী ট্রেডার্সেও তল্লাশি হয়। সেখান থেকে ৯৭ বস্তা সুপারি, ১৭ বস্তা কাটা সুপারি ও প্রায় ৫০০ কেজি খোলা সুপারি বাজেয়াপ্ত করা হয়। সেখানে কেউ উপস্থিত না থাকায় স্বাধীন সাক্ষীদের সামনে বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পন্ন হয়।
মামলা রুজু করে সুপারির উৎস, মালিকানা ও মজুতের বৈধতা তদন্ত করছে ফালাকাটা পুলিশ।