তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প শীঘ্রই আলোর মুখ দেখবে, সহযোগিতা চাইল পূর্ব রেল
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৯ এপ্রিল ২০২৫ :-

অবশেষে বহু প্রতীক্ষিত তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প বাস্তবায়নের পথে। পূর্ব রেল সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই রেলপথ চালু হলে হুগলি ও বাঁকুড়া জেলার আর্থ-সামাজিক উন্নতি ঘটবে। ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই রেলপথ পর্যটকদের পাশাপাশি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্যেও অত্যন্ত উপযোগী হবে।
এই প্রকল্পের মাধ্যমে তারকেশ্বরের শিবমন্দির, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, কামারপুকুর ও জয়রামবাটির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি সরাসরি রেলপথে যুক্ত হবে। বর্তমানে এই স্থানগুলিতে সড়কপথে যেতে দীর্ঘ সময় ও ভোগান্তির শিকার হতে হয়। নতুন রেলপথ চালু হলে হাওড়া থেকে বিষ্ণুপুর যেতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা এবং ভাড়া হবে মাত্র ₹৩০/-, যেখানে বাসে লাগত ৫ ঘণ্টারও বেশি।
৮২.৫০ কিমি দীর্ঘ এই প্রকল্পের ৭২.০৭ কিমি অংশ ইতিমধ্যেই চালু হয়েছে। চলতি অর্থবর্ষে গোঁঘাট-জয়রামবাটি ১০.৪৩ কিমি অংশ চালুর পরিকল্পনা রয়েছে। তবে ২০১৬ সাল থেকে ভবাদিঘি পুকুর এলাকার ৯০০ মিটার অংশে স্থানীয়দের প্রতিবাদের জেরে কাজ আটকে আছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ এলাকার ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং পরিবেশ ও প্রযুক্তিগত দিক বিবেচনা করেই রেলপথের নকশা তৈরি হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্পে ইতিমধ্যেই ২৭০ কোটি অতিরিক্ত খরচ হয়েছে এবং ৭ বছর সময় নষ্ট হয়েছে। কলকাতা হাইকোর্ট সম্প্রতি এই প্রকল্পকে জনস্বার্থে জরুরি উল্লেখ করে তিন মাসের মধ্যে কাজ শুরুর নির্দেশ দিয়েছে।
পূর্ব রেল রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত কাজ শুরু করতে প্রস্তুত। একইসঙ্গে স্থানীয় বাসিন্দা ও সকল অংশীদারদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিকে সফল করতে সহযোগিতা চেয়েছে রেল কর্তৃপক্ষ। রেল দফতরের আশা, দ্রুত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।