“আমি ডাক্তার হতে চাই না”:১৯ বছর বয়সী মেধাবী ছাত্রের মর্মান্তিক পরিণতি
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ :-
ডাক্তারি পড়ার প্রবল চাপ সহ্য করতে না পেরে ১৯ বছর বয়সী এক যুবক নিজের জীবন শেষ করে দিলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। মৃত যুবকের নাম অনুরাগ অনিল বোরকার। তিনি মহারাষ্ট্রের সিন্ধোয়াহি তালুকের নওয়ারগাঁওয়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুরাগ সম্প্রতি NEET পরীক্ষায় সফল হয়েছিলেন। ওবিসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক ছিল ১৪৭৫। গোরাখপুরের একটি মেডিকেল কলেজে তার এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু তার ইচ্ছা ছিল অন্য কিছু। সে ডাক্তারি পড়তে চায়নি। বরং ব্যবসা করার প্রতি তার আগ্রহ ছিল।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে অনুরাগকে তার ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে। সেই চিরকুটে অনুরাগ লিখে যান যে সে ডাক্তারি পড়তে চায় না এবং তার মন ব্যবসার দিকে।
এই ঘটনা আবারও সামনে নিয়ে এল প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ এবং অভিভাবকদের প্রত্যাশার বোঝা কীভাবে তরুণ প্রজন্মের ওপর প্রভাব ফেলছে। অনুরাগের এই অকাল প্রয়াণ তার পরিবার এবং বন্ধুদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।