টেনিস বলের ভেতর ৪১ লাখ টাকার সোনা উদ্ধার, বিএসএফ-এর সাফল্য
নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম,দিনহাটা ১২ সেপ্টেম্বর ২০২৫:
আবারও সীমান্তে চোরাচালান রুখতে বড়সড় সাফল্য পেল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। এবার দিনহাটার জায়গীর বালাবাড়ি সীমান্তে টেনিস বলের ভেতর থেকে উদ্ধার করা হলো প্রায় ৪১ লাখ টাকার সোনা। এই ঘটনায় চোরাচালানকারীদের অভিনব পদ্ধতি দেখে হতবাক অনেকেই।
বিএসএফ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। সেই সময় তারা দেখতে পান, কিছু চোরাচালানকারী টেনিস বল ব্যবহার করে সোনার বিস্কুট পাচার করার চেষ্টা করছে। চোরাচালানকারীরা খুবই সুকৌশলে টেনিস বলের ভেতরটা ফাঁপা করে তার মধ্যে চারটি সোনার বিস্কুট লুকিয়ে রেখেছিল। কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্ক দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি তাদের এই কৌশল।
উদ্ধারকৃত সোনার ওজন ৩৬৪.৮০৫ গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক ৪১ লক্ষ ১৪ হাজার ৬৩৫ টাকা। যদিও এই সোনা ১০ সেপ্টেম্বর উদ্ধার করা হয়েছিল, ১৩৮ নম্বর ব্যাটালিয়ান শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর প্রকাশ করে।
বিএসএফ জানিয়েছে, এই ধরনের অভিনব পদ্ধতি ব্যবহার করে চোরাচালানকারীরা দীর্ঘদিন ধরে পাচার চালিয়ে আসছিল। তবে এবার তারা ধরা পড়েছে। এই ঘটনার পেছনে কারা জড়িত, সোনাগুলো কোথা থেকে আসছিল এবং এর সাথে কোনো বড় চক্র যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিএসএফ। সীমান্তে চোরাচালান রোধে বিএসএফের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।