২৫ দিনের ‘ডিজিটাল অ্যারেস্ট’, শিক্ষককে নিঃস্ব করে ৫৩ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা | The 4th Column

২৫ দিনের ‘ডিজিটাল অ্যারেস্ট’, শিক্ষককে নিঃস্ব করে ৫৩ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় ফের ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর হাড়হিম করা ঘটনা। ভয় দেখিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে কসবার পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা, পেশায় শিক্ষক বিপুল সাহার কাছ থেকে ধাপে ধাপে ৫৩ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। জীবনের সঞ্চয় খুইয়ে এখন কার্যত দিশেহারা ওই প্রৌঢ়।
ঘটনার সূত্রপাত গত বছরের ২ ডিসেম্বর। বিপুল বাবুর কাছে একটি ফোন আসে যেখানে নিজেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করে, তিনি একটি বড়সড় অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। শুরু হয় তথাকথিত ‘ডিজিটাল অ্যারেস্ট’। টানা ২৫ দিন ধরে চলে মানসিক নির্যাতন। ভিডিও কল এবং ফোনের মাধ্যমে তাঁকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার নাটক করে প্রতারকরা। সিবিআই বা ইডির ভয় দেখিয়ে তাঁকে বাধ্য করা হয় নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে টাকা পাঠাতে। লোকলজ্জা আর আইনি জটিলতার ভয়ে কাউকেও কিছু জানাতে পারেননি তিনি। নিজের সারাজীবনের উপার্জিত ৫৩ লক্ষ টাকা প্রতারকদের হাতে তুলে দেওয়ার পর তিনি বুঝতে পারেন যে তিনি এক বিশাল ফাঁদে পা দিয়েছেন।
ইতিমধ্যেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপুল সাহা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ইদানীংকালে বয়স্ক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করে এই ধরনের ডিজিটাল অ্যারেস্টের প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারংবার প্রচার চালানো সত্ত্বেও শিক্ষিত সমাজও এই ধরনের ফাঁদে পা দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!