বোতাম ফোনেই কেল্লাফতে! কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রের পর্দা ফাঁস, হাতিয়ে নিল ৩ কোটি | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ :

বোতাম ফোনেই কেল্লাফতে! কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রের পর্দা ফাঁস, হাতিয়ে নিল ৩ কোটি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অত্যাধুনিক স্মার্টফোন নয়, বরং পুরনো আমলের সাধারণ ‘বোতাম ফোন’ ব্যবহার করেই খাস কলকাতায় বসে কোটি কোটি টাকার জালিয়াতি চালাচ্ছিল একদল সাইবার অপরাধী। নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিটের একটি ব্যবসার আড়ালে বসে চলা এই ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। এই চক্রের মূল পান্ডা মহম্মদ আমজাদকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সিমবক্স ও কয়েক হাজার ভুয়া সিমকার্ড।
ঘটনার সূত্রপাত: গত অক্টোবর মাসে শহরের এক প্রবীণ দম্পতিকে কুরিয়ার সংস্থার কর্মী সেজে ফোন করে জালিয়াতরা। জানানো হয়, তাঁদের নামে আসা পার্সেলে বেআইনি সামগ্রী থাকায় সিবিআই ও ইডি তদন্ত শুরু করেছে। এরপর ভুয়া আধিকারিক সেজে তাঁদের ‘ডিজিটাল অ্যারেস্ট’ করার ভয় দেখানো হয়। নির্দেশ দেওয়া হয়, ২৪ ঘণ্টা মোবাইল ও ল্যাপটপের ভিডিও চালু রাখতে যাতে তাঁদের ওপর নজরদারি চালানো যায়। চরম আতঙ্কে ওই দম্পতি নিজেদের গৃহবন্দি করে ফেলেন এবং ধাপে ধাপে প্রায় ৩ কোটি টাকা জালিয়াতদের হাতে তুলে দেন।
পুলিশি অভিযান ও উদ্ধার: তদন্তে নেমে পুলিশ পেমেন্টাল স্ট্রিটে আমজাদের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ১৭টি মোবাইলের মধ্যে ১৫টিই পাওয়া গেছে ছোট বোতাম ফোন। এছাড়া উদ্ধার হয়েছে ৬টি ৩২ স্লট সিমবক্স, ৫টি ১২৮ স্লট সিমবক্স এবং একটি ২৫৬ স্লট সিমবক্স। উদ্ধার হয়েছে ২ হাজার ২৫০টি ভুয়া সিমকার্ড এবং একাধিক রাউটার। গোয়েন্দাদের মতে, ট্র্যাকিং এড়াতে এবং একসঙ্গে অসংখ্য কল ডাইভার্ট করতে এই প্রাচীন প্রযুক্তির ফোন ও সিমবক্স ব্যবহার করত তারা। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!