নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তির রূপরেখা তৈরি হয়েছে, যা দেশের রপ্তানি খাতে বিপ্লব আনতে চলেছে। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), কৃষক এবং মৎস্যজীবীদের জন্য ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল বাজার উন্মুক্ত করবে।
গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর সূচিত এই দ্বিপাক্ষিক আলোচনার কাঠামো অনুযায়ী, সাধারণ ওষুধ, রত্ন-অলঙ্কার এবং বিমানের যন্ত্রাংশের মতো পণ্যের ওপর শুল্ক কমিয়ে শূন্যে নামিয়ে আনা হবে। এর ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আরও শক্তিশালী হবে। তবে টেক্সটাইল, চামড়া ও প্লাস্টিক সহ কিছু পণ্যের ওপর ১৮% শুল্ক ধার্য থাকবে। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, ভুট্টা, গম, চাল এবং দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল কৃষিপণ্যকে এই চুক্তিতে পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে, যাতে ভারতীয় কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়। এই চুক্তি দেশের তরুণ ও মহিলাদের জন্য লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।