সঙ্গিনী দখল নিয়ে বক্সায় দাঁতাল দুই হাতির ‘ ডুয়েল ‘ : পরাজিত প্রেমিক ডায়া গণেশের মৃত্যু | The 4th Column

সঙ্গিনী দখলের লড়াইয়ে বিরল ঘটনা! বক্সায় দাঁতাল হাতির আক্রমণে ভেঙে গুঁড়ো হল ডায়া গণেশের স্ক্যাপুলা
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৮শে এপ্রিল ২০২৫:

—পরাজিত প্রেমিক ডায়া গণেশের মৃত্যু

বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর অরণ্যে সঙ্গিনী দখলের লড়াইয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটল। শুক্রবার রাতে ২৩ মাইল ডিপো সংলগ্ন জঙ্গলে একটি বিশাল দাঁতাল হাতির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারাল ডাকাবুকো হাতি ডায়া গণেশ। বৃহস্পতিবার দিনভর চলে দুই বুনো হাতির শক্তি প্রদর্শনের এই ভয়ঙ্কর লড়াই। বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের নিরস্ত্র করার কোনও উপায় ছিল না।
প্রাথমিকভাবে ডায়া গণেশ প্রতিপক্ষ দাঁতালটিকে পিছু হঠাতে সক্ষম হলেও, শেষ পর্যন্ত একটি দাঁত না থাকার কারণে সে দুর্বল হয়ে পড়ে। সুযোগ বুঝে উন্মত্ত দাঁতালটি ডায়া গণেশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ার পরেও তাকে দাঁতের আঘাতে এফোঁড়ওফোঁড় করে দেয়।
গুরুতর আহত ডায়া গণেশকে বাঁচানোর জন্য বনকর্মীরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। তবে শুক্রবার রাতে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ডায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
কিন্তু এখানেই শেষ নয়। শনিবার ডায়া গণেশের মৃতদেহের ময়নাতদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ বনকর্তাদের। ময়নাতদন্তের রিপোর্টে যা উঠে এসেছে, তা রীতিমতো বিরল ঘটনা। রিপোর্টে দেখা যায়, দুই হাতির সংঘর্ষের তীব্র অভিঘাতে ডায়া গণেশের ঘাড়ের সংযোগস্থলে থাকা অত্যন্ত শক্ত ‘স্ক্যাপুলা’ হাড়টি (Scapula Bone) ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে।
বনকর্তারা জানিয়েছেন, মানবদেহের মতো হাতিদের ক্ষেত্রেও এই স্ক্যাপুলা হাড় তাদের চলাফেরার ভারসাম্য রক্ষা করে এবং এটি ত্রিভুজাকৃতির ও বেশ কঠিন প্রকৃতির হয়। স্বাভাবিক অবস্থায় এই হাড় ভেঙে যাওয়া অত্যন্ত কঠিন।
এই অস্বাভাবিক ঘটনা প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা ও অভিজ্ঞ বনাধিকারিক অপূর্ব সেন বলেন, “সঙ্গিনী দখলের লড়াইয়ে পুরুষ হাতির মৃত্যুর ঘটনা আমরা অনেক দেখেছি। কিন্তু এই প্রথম কোনও হাতির স্ক্যাপুলা বোন ভেঙে যাওয়ার মতো ঘটনা আমার চোখে পড়ল। এতেই বোঝা যায়, সংঘর্ষের অভিঘাত কতটা ভয়ংকর ছিল।”
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক নভোজিত দে-ও একই সুর টেনে বলেন, “এটা সত্যিই এক বিরল ঘটনা। সাধারণত এমন উদাহরণ দেখা যায় না।”
এদিকে, যে মাদি হাতিটিকে কেন্দ্র করে এই প্রাণঘাতী লড়াই, সে ঘটনার সামান্য দূরে দাঁড়িয়ে দুই পুরুষের মল্লযুদ্ধ প্রত্যক্ষ করেছে। পরে শক্তিশালী দাঁতালটির সঙ্গে সে গভীর জঙ্গলে মিলিয়ে যায়।
এই ঘটনায় বন্যপ্রাণী মহলে শোকের ছায়া নেমে এসেছে। ডায়া গণেশের মতো একটি শক্তিশালী হাতির এমন পরিণতি স্বাভাবিকভাবেই সকলকে ব্যথিত করেছে। বন দফতর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!