বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা: সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার, রায়দানের অপেক্ষা | The 4th Column

বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা: সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার, রায়দানের অপেক্ষা
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ সেপ্টেম্বর ২০২৫ :-

কেন্দ্রীয় হারে বকেয়া DA?

বকেয়া মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত মামলায় সুপ্রিম কোর্টে নিজেদের লিখিত বক্তব্য জমা দিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার শীর্ষ আদালতে রাজ্যের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, প্রায় ১০টি রাজ্য ডিএ দেওয়ার ক্ষেত্রে ভোক্তা মূল্য সূচক (CPI) অনুসরণ করে না। আদালতের আগ্রহের ভিত্তিতেই রাজ্য এই তথ্য লিখিতভাবে পেশ করেছে।
এর জবাবে মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দীও আদালতের কাছে তাঁদের প্রতিক্রিয়া লিখিতভাবে জমা দেওয়ার অনুমতি চেয়েছেন। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ নির্ধারিত সময়সীমার মধ্যেই তা পেশ করার নির্দেশ দিয়েছে।
গত ৮ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হওয়ার পর আদালত রায়দান স্থগিত রাখলেও উভয় পক্ষকে অতিরিক্ত কিছু বলার থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার অনুমতি দিয়েছিল।
উল্লেখ্য, এই মামলার মূল প্রশ্ন হল— কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া বাধ্যতামূলক কি না। হাইকোর্ট ২০২২ সালে কর্মীদের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল, ডিএ কোনো ‘দয়ার দান’ নয়, এটি কর্মীদের অধিকার। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সুপ্রিম কোর্টে এসেছিল। রাজ্যের যুক্তি, ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় এবং কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো এক নয়। অন্যদিকে কর্মীদের দাবি, ডিএ সরকারের নীতিগত দায়িত্ব এবং নির্দিষ্ট সময় অন্তর তা দিতেই হবে।
এখন সকলের নজর সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে, যা DA নিয়ে রাজ্য বনাম কর্মীদের এই দীর্ঘ লড়াইয়ের নিষ্পত্তি করবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!