নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ মার্চ ২০২৬ :

নয়াদিল্লি: মোবাইল গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মেনে এবার মাসিক রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিনের বদলে ৩০ দিন করার জন্য টেলিকম সংস্থাগুলোর কাছে আর্জি জানাল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে বিতর্ক চলছে এবং সংসদে আপ সাংসদ রাঘব চাড্ডা এই নিয়ে সরব হয়েছেন। এয়ারটেল, জিও, ভি-এর মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্যাক সাধারণত ২৮ দিনের জন্য থাকে, যার ফলে গ্রাহকদের বছরে ১২ মাসের বদলে ১৩ বার রিচার্জ করতে হয়।
রাঘব চাড্ডা সংসদে বলেন, “রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, ওটিপি বা জরুরি বার্তা পৌঁছায় না, তা বড়সড় আর্থিক প্রতারণা।” তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েন। শুধু রাঘব চাড্ডা নন, টেলিকম সংস্থাগুলির এই ‘ফাঁদ’ নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে, কিন্তু কেন্দ্র পদক্ষেপ করেনি।
এবার যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে বলেছেন, রিচার্জ প্যাক নিয়ে কেন্দ্র অপারেটরদের কোনও নির্দেশিকা দিতে পারে না। নিজেদের প্যাক কতদিনের জন্য কীভাবে বিক্রি করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সংস্থাগুলির রয়েছে। ফলে সরকার তাদের ৩০ বা ৩১ দিনের রিচার্জ প্যাক চালু করতে নির্দেশ দিতে পারে না।
তবে সিন্ধিয়া জানান, কেন্দ্র আর্জি জানিয়েছে সংস্থাগুলির কাছে। মোবাইল রিচার্জের মেয়াদ মাত্র ২৮ দিন হওয়ায় ব্যবহারকারীদের যে আর্থিক ক্ষতি হয়, তা বিবেচনা করে সরকার টেলিকম কোম্পানিগুলোকে ৩০ দিনের রিচার্জ প্ল্যান তৈরিতে উৎসাহিত করবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-ও নির্দেশ দিয়েছে, যেন অন্তত একটি রিচার্জ প্যাকে ৩০ দিনের মেয়াদ থাকে।