নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ মার্চ ২০২৬ :

মুম্বই: সপ্তাহের শেষে ভারতীয় অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে এল। একদিকে টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন এবং অন্যদিকে শেয়ার বাজারে বড়সড় ধস—এই জোড়া ফলায় বিদ্ধ দেশের লগ্নিকারীরা। শুক্রবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়ে যায়, যার ফলে মাত্র কয়েক মিনিটে বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকার সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে।
মুদ্রাবাজারেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এদিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দর ৯৪-এর গণ্ডি ছাড়িয়ে ৯৪.১৬-এ পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরেই এই অস্থিরতা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশে মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল হচ্ছে। তেলের দাম বাড়ার ফলে আমদানি খরচ মেটাতে ডলারের চাহিদা তুঙ্গে, যার সরাসরি প্রভাব পড়ছে টাকার মূল্যের ওপর।
তথ্য বলছে, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া আন্তর্জাতিক উত্তেজনার পর থেকে টাকার মান প্রায় ৩.৫ শতাংশ কমেছে। বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের দিকে ঝুঁকছেন। ফলে সেনসেক্সের ৩০টি সংস্থার মোট বাজারমূল্য ৪২৪ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।
যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মাঝে মাঝে ডলার সরবরাহ করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে পরিস্থিতির স্থায়ী উন্নতি নিয়ে সংশয় কাটছে না। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ না হলে এবং বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বজায় থাকলে আগামী দিনে টাকার দাম ৯৫ থেকে ৯৬-এর ঘরে পৌঁছে যেতে পারে।