পাহাড়ে কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়োগে বিতর্ক, প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে মমতার চিঠি
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ অক্টোবর ২০২৫ :-
রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি বা মধ্যস্থতাকারী (ইন্টারলোকুটর) নিয়োগ করায় তীব্র আপত্তি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী বিস্ময় ও ব্যথা প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি মনে করিয়ে দেন, জিটিএ-র আওতাধীন এই অঞ্চলের আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত বিষয় এবং স্থায়ী সমাধানও একটি ত্রিপাক্ষিক প্রক্রিয়া।
সদ্য প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দার্জিলিং ও তরাই-ডুয়ার্সের ‘ইন্টারলোকুটর’ বা সমন্বয় রক্ষাকারী হিসেবে নিয়োগ করেছে। গোর্খাদের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্যই তাঁর এই নিয়োগ।
কিন্তু নবান্নকে না জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানবে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন এবং সেই প্রশ্ন তুলেই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।