নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ :

এআই সম্মেলনে চিনা রোবো কুকুর নিয়ে কারসাজি! নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে ঘিরে চরম বিতর্ক
নয়াদিল্লি: ঘটা করে দেশে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) সম্মেলনের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই হাই-টেক মঞ্চেই ঘটে গেল এক নজিরবিহীন বিপত্তি। চিনা রোবো কুকুরকে নিজেদের গবেষণার ফসল বলে দাবি করে চরম বিতর্কে জড়াল নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। জালিয়াতি ধরা পড়তেই বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মেলন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত:
সম্মেলনে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ‘ওরিয়ন’ নামক একটি নজরদারি রোবো কুকুর প্রদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেহা সিং দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান এআই গবেষণায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এই যন্ত্র-সারমেয়টি তাঁদেরই কঠোর পরিশ্রমের ফল। দাবি করা হয়, এটি বিশ্ববিদ্যালয় চত্বরে স্বয়ংক্রিয়ভাবে নজরদারি চালাতে সক্ষম।
ফাঁস হলো জালিয়াতি:
প্রযুক্তি বিশেষজ্ঞদের নজর এড়ায়নি বিষয়টি। অনুসন্ধানে দেখা যায়, তথাকথিত ‘ওরিয়ন’ আসলে চিনা কোম্পানি ‘ইউনিট্রি’ (Unitree Go2) এর তৈরি একটি বাণিজ্যিক রোবট। যার আন্তর্জাতিক বাজারমূল্য মাত্র ২৮০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা)। অনায়াসে কেনা যায় এমন একটি চিনা পণ্যকে নিজেদের উদ্ভাবন বলে চালানোর এই মরিয়া চেষ্টা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বিশেষজ্ঞ মহলের মতে, যথাযথ নিরীক্ষা হবে না ভেবেই এই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্মেলনের অব্যবস্থা ও মন্ত্রীর ক্ষমা প্রার্থনা:
বিতর্ক শুধু রোবো কুকুরেই সীমাবদ্ধ ছিল না। মোদি সরকারের এই স্বপ্নের ডিজিটাল সম্মেলনে ইন্টারনেটের বেহাল দশা, ওয়াই-ফাই কাজ না করা এবং ডিজিটাল পেমেন্ট বন্ধ থাকার মতো একাধিক অব্যবস্থার ছবি সামনে এসেছে। আন্তর্জাতিক স্তরের সম্মেলনে এমন বিশৃঙ্খলা দেখে ক্ষোভে ফেটে পড়েন আমন্ত্রিতরা। পরিস্থিতি বেগতিক দেখে সম্মেলনের দ্বিতীয় দিনেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ঘটনা ডিজিটাল ইন্ডিয়ার ভাবমূর্তিকে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে।