নাজিরান দেউতিখাতা এমভি চেকপোস্টে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই ক্লিয়ারিং এজেন্ট, পুলিশি হেফাজত | The 4th Column

জিৎ চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, কুমারগ্রাম, আলিপুরদুয়ার, ১১ মে ২০২৬:

অসম-বাংলা সীমানাবর্তী নাজিরান দেউতিখাতা মোটর ভেহিকেল (MV) চেকপোস্টে দীর্ঘদিনের দালালরাজ ও তোলাবাজি রুখতে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। সরকারি আধিকারিকদের নাম ভাঙিয়ে ভিনরাজ্যের ট্রাক চালকের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে দুই ক্লিয়ারিং এজেন্টকে গ্রেফতার করেছে বক্সিহাট থানার পুলিশ। ধৃতদের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সীমানায় অবস্থিত এই চেকপোস্টে দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি তোলাবাজি চক্র চালিয়ে আসছিল। অভিযোগ, এই দালালচক্রের কারণে সাধারণ সরকারি কাজকর্ম ব্যাহত হচ্ছিল। কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করলেও অভিযুক্তরা কর্ণপাত করেনি। ঘটনার সূত্রপাত গত ৮ই মে সন্ধ্যায়। উত্তরপ্রদেশের নম্বর প্লেট যুক্ত একটি পণ্যবাহী লরি যখন চেকপোস্ট অতিক্রম করছিল, তখন অভিযুক্ত দুই ব্যক্তি সরকারি আধিকারিকদের নাম করে চালকের কাছে ১১ হাজার টাকা দাবি করেন।
​বিপাকে পড়ে ট্রাক চালক তৎক্ষণাৎ বিষয়টি গাড়ির মালিককে জানান। মালিক দেরি না করে সরাসরি মোটর ভেহিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাই করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই পাণ্ডাকে গ্রেফতার করে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশাসনের এই কড়া পদক্ষেপে চেকপোস্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!