ক্ষমতায় এলে ৪৫ দিনেই সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রতিশ্রুতি দিল রাজ্য বিজেপি | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ মার্চ ২০২৬ :

২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক প্রতিশ্রুতিতে উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। এবার রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং বেতন কাঠামোর অসন্তোষকে হাতিয়ার করল বিজেপি। পদ্মশিবিরের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।
সরকারি কর্মীদের ভাগ্যে বদল?
রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর, ২০২৫-এ। নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। যদিও রাজ্য বাজেটে এর উল্লেখ থাকলেও সময়সীমা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। বিজেপি সেই সুযোগকেই কাজে লাগিয়ে সরকারি কর্মীদের ‘ডিএ ক্ষততে’ মলম দেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে, যদি কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ২.৯১ থেকে ৩.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়, তবে একজন কর্মীর ন্যূনতম ১৮ হাজার টাকা বেসিক বেড়ে দাঁড়াতে পারে ৫২ থেকে ৫৬ হাজার টাকার মধ্যে।
রাজনীতির সমীকরণ:
বিজেপির এই ঘোষণা কি আদৌ ভোট বৈতরণী পার করতে সাহায্য করবে? ওয়াকিবহাল মহলের মতে, সরকারি কর্মীদের বিশাল একটি অংশ দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে কর্মীদের আয়ের অঙ্ক আমূল বদলে যাবে ঠিকই, তবে বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির নিরিখে ৪৫ দিনের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে শাসকদল। আপাতত ভোটের মুখে এই ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ও ‘পে কমিশন’ ইস্যু যে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!